ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফন ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান উপলক্ষে রাজধানী তেহরানে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। ঘোষণায় বলা হয়েছে, আগামী ৪, ৫ ও ৬ জুলাই তেহরান প্রদেশে সরকারি ছুটি থাকবে। এ সময়ের মধ্যেই খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন, জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

খামেনির দাফন-অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার হাসান হাসানযাদেহ জানান, ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন ও জানাজার আয়োজন করা হবে। এরপর ৬ জুলাই তার দাফন সম্পন্ন হবে। এ কারণেই তেহরান প্রদেশে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, ৪ ও ৫ জুলাই শুধু তেহরানে ছুটি থাকবে। তবে ৬ জুলাই, দাফনের দিন, সারা দেশে সরকারি ছুটি পালন করা হবে।

খামেনির মৃত্যুর পর ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে। দেশটির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন তার স্মরণে নানা কর্মসূচি ঘোষণা করেছে।

উল্লেখ্য, ইসরায়েলি ও মার্কিন হামলার প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি নিজ কার্যালয়ে আলি খামেনি নিহত হন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে। ওই ঘটনায় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।