ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.)।

সম্প্রতি ঢাকায় কর্নেল অলি আহমদের বাসভবনে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদি তাঁর কাছে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

জানা গেছে, আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে ইরানের শীর্ষ রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং আন্তর্জাতিক প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

এ সময় কর্নেল অলি আহমদ বীর বিক্রম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার, জনগণ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

তিনি মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত ইরানি জাতির জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করেন।

কর্নেল অলি আহমদ আমন্ত্রণ পৌঁছে দেওয়ার জন্য ইরানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং এ সৌজন্যকে আন্তরিকভাবে মূল্যায়ন করেন।