দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু, আবেদন শুরু ২৮ জুন

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিরা ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে এ ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ভিসা কেন্দ্রেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

দীনেশ ত্রিবেদী বলেন, বর্তমানে মেডিকেল ভিসা কার্যক্রম চালু রয়েছে এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে বাংলাদেশে ভারতীয় সব ভিসা আবেদন কেন্দ্রে নতুন আবেদন গ্রহণ এবং ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্থগিত করা হয়। তবে মেডিকেল, জরুরি ও ব্যবসায়িক ভিসা সীমিত পরিসরে চালু ছিল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দুই দেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্ত নেয় ভারত।