চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে শাহরাস্তি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, শাহরাস্তি পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটওয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম এবং বিভিন্ন প্রশাসনিক বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জনগণের সেবাকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
উপস্থিত বক্তারা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সরকারি সেবার মান বৃদ্ধি এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ