চীন সফরের শেষ দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শুরুর আগে দুই নেতা আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন।
শুক্রবার (২৬ জুন) চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতাসহ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হওয়ার কথা রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
পরে প্রধানমন্ত্রী বেইজিংয়ের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারে অবস্থিত ‘জনগণের বীরদের স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন। চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং সফরসঙ্গী অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ এবং উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করছেন। সফরের শেষ দিনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এই বৈঠককে বাংলাদেশ-চীন সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ