চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. শমসেদ হোসেন, এএসআই মো. শহীদুল্লাহ ও সঙ্গীয় ফোর্স শাহরাস্তি পৌরসভার নিজমেহার এলাকার ঠাকুরবাড়ির সামনে খিলা-কালীবাড়ি সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনজনের হেফাজত থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।