চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মোঃ আয়েত আলী ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ মোজাহের হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি ও অত্র কলেজের অভিভাবক সদস্য মাহবুব আলম, শাহরাস্তি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসাইন মিয়াজি এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলাবাজার স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ আকতারুজ্জামান।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সফল হতে হলে আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সময়ের সঠিক ব্যবহারের বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের দেশ, সমাজ ও পরিবারের কল্যাণে সৎ, আদর্শবান এবং মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সর্বাঙ্গীন সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।