শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং ঝরে পড়া রোধে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দাদিয়াপাড়া গ্রামের সামাজিক সংগঠন ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’।

এ লক্ষ্যে শনিবার (২৭ জুন) স্থানীয় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা সভা, শিক্ষাবান্ধব পরিকল্পনা গ্রহণ এবং উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সংস্থার উদ্যোগে হজরত ওমর (রা.) তালীমুল কুরআন মাদ্রাসা (বেপারী বাড়ি), দাদিয়াপাড়া মোহাম্মদ ফজলুল হক নূরানী ও হাফেজিয়া মডেল মাদ্রাসা এবং উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ গঠনে পড়াশোনার গুরুত্ব নিয়ে আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা এনামুল হক, সহ-সভাপতি আবু ইউসুফ সুমন এবং সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সিহাব।

পরে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও মাদ্রাসার সাময়িক পরীক্ষায় মেধাতালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা উপহার প্রদান করা হবে। পাশাপাশি পড়াশোনায় অনাগ্রহী শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে নিয়মিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে তিনটি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর মাঝে চকলেট বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, একটি সুশিক্ষিত, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে তাদের শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।