চাঁদপুরের কচুয়ায় ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৯ নম্বর কড়াইয়া ইউনিয়নের রহিমানগর-আকানিয়া সড়কের হোসেনের দোকানের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. রাকিব হোসেন (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার রাকিব হোসেন কচুয়া উপজেলার কহলথুড়ি (ভূঁইয়া বাড়ি) এলাকার মৃত হেলালের ছেলে।
পুলিশ জানায়, এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৮ জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ