দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি এবং পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যসহ উত্তরাঞ্চলের সাধারণ মানুষের পানি সংকট এবং তিস্তা নদী নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ সমস্যার স্থায়ী সমাধানে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষি, সেচব্যবস্থা, নদী ব্যবস্থাপনা এবং আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সরকার আশা করছে।
সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি, কৃষি, ক্রিয়েটিভ ইকোনমি, শিক্ষা এবং জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিকও তুলে ধরেন। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ