প্রতি বর্ষা মৌসুমে দেশের প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশের ২৯ হাজারেরও বেশি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সৌদি আরবের আরাফাত ময়দানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রোপণ করা নিমগাছের স্মৃতিচারণ করে বলেন, সেখানকার মানুষ এখনো গাছগুলোকে ‘জিয়া ট্রি’ নামে চেনে।

বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরে শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের গাছ লাগাতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর গার্ড অব অনার গ্রহণ করে তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা ও জনপ্রতিরক্ষায় বিএনসিসির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রম আরও সম্প্রসারণে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বিএনসিসির প্রশিক্ষণ কার্যক্রমকে যুগোপযোগী ও কার্যকর করতে সরকার প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করবে।