আগামী জুলাই মাস থেকে মাদরাসা শিক্ষকদের বেতন নিয়মিত দেওয়া হবে। একই সঙ্গে দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, গত সেপ্টেম্বর থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে দেশের বিভিন্ন মাদরাসায় প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যা দীর্ঘদিনের প্রয়োজন ছিল।
তিনি বলেন, শিক্ষকসংকট দূর করতে অন্তর্বর্তী সরকার দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করলেও সংশ্লিষ্ট শিক্ষকদের বেতন পরিশোধের জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়নি।
মন্ত্রী আরও বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর দেখা যায়, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন পরিশোধে প্রায় ৫০১ কোটি টাকা প্রয়োজন, কিন্তু এ খাতে কোনো বরাদ্দ ছিল না। ফলে গত দুই মাস তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি। তবে জুলাই মাস থেকেই বকেয়াসহ নিয়মিত বেতন পরিশোধ করা হবে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ইসলামী শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে ইসলামের প্রকৃত আদর্শ অনুসরণ করে জীবন গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও প্রকৃত ইসলামী শিক্ষার চর্চায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ