রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাবনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবনা জেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়’র উদ্যোগে জেলার নবীন শিক্ষার্থীদের বরণ, প্রবীণদের বিদায় এবং নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি আলহাজ্ব হোসাইন দূর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল আলীম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. আল আমিন সরকার, অধ্যাপক ড. তোফাজ্জল, অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. আদিল হাসান চৌধুরী, ড. সুলতান মাহমুদ রানা, ড্যাব পাবনা জেলার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, সমিতির সাবেক সভাপতি সরদার জহুরুল এবং সদ্য প্রভাষক হিসেবে যোগদান করা পাবনার ৫ শিক্ষক।
প্রধান অতিথির বক্তব্যে রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘আজকের এই আয়োজন আমাকে আমার ছাত্রজীবনের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। জেলা সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের আশ্রয়, আমাদের পরিবারের সম্প্রসারিত রূপ।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে জেলা-ভিত্তিক কমিউনিটি শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহযোগিতা, নৈতিক সমর্থন ও আত্মপরিচয়ের বোধ তৈরি করে। বিশেষ করে জেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা শিক্ষার্থীদের জন্য এই কমিউনিটি মানসিক শক্তি ও সাহসের জায়গা হিসেবে কাজ করে।’ বক্তব্যের একপর্যায়ে তিনি বর্তমান ও সাবেকদের ঐক্য অটুট রাখার আহ্বান জানান ও ফুল দিয়ে নবীনদের বরণ করে নেন।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাবনা জেলার বিভিন্ন থানার তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২:৩৮ পূর্বাহ্ণ