‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে।

বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনী ও সুপারিশ প্রণয়ন করবে। পরবর্তীতে এসব সুপারিশের ভিত্তিতে আইনটির চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হবে।