চাঁদপুরের শাহরাস্তিতে রাতে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় এক কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে সতর্কীকরণস্বরূপ তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করেছে শাহরাস্তি থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মো. আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে রাতে পড়ালেখা বাদ দিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার অভিযোগে মো. জীবন হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়। সে শাহরাস্তি উপজেলার বাদিয়া (মিনার খাঁ বাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতা মো. সোলেমান এবং মাতা নাজমা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ওই কিশোর রাতে বাইরে অবস্থানের সন্তোষজনক কোনো কারণ ব্যাখ্যা করতে পারেনি। পরে তার অভিভাবক থানায় উপস্থিত হয়ে ভবিষ্যতে সে এ ধরনের উদ্দেশ্যহীনভাবে রাতে ঘোরাফেরা করবে না এবং নিয়মিত পড়ালেখায় মনোযোগী থাকবে বলে পুলিশকে আশ্বস্ত করেন।

এদিকে, আটক কিশোরের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে কোনো ধরনের নেতিবাচক তথ্য পাওয়া যায়নি। বিষয়টি প্রথমবারের ঘটনা বিবেচনায় নিয়ে তাকে সতর্ক করে সংশোধনের সুযোগ প্রদানপূর্বক অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।

শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে, কিশোর অপরাধ প্রতিরোধ, শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখায় উৎসাহিত করা এবং তাদের নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের জনসচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে।