নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে টানা চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ইইই ডে-২০২৬’। আগামী ৬ ও ৭ জুলাই (সোম ও মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

ইইই বিভাগ ও নোবিপ্রবি ইইই অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পাবেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এবারের আয়োজন সাজানো হয়েছে। এতে সার্কিট অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট শোকেস, লাইন-ফলোয়িং রোবট প্রতিযোগিতা এবং মোবাইল গেমিং টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ফ্রি টি-শার্ট, মধ্যাহ্নভোজ ও অংশগ্রহণ সনদের ব্যবস্থা থাকবে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

আয়োজক কমিটির প্রত্যাশা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘ইইই ডে-২০২৬’ জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষার একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে।