বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালিকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রাতে ডিবি পুলিশ ফজলুর রহমানকে গ্রেপ্তার করে। তবে তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

উল্লেখ্য, ২০১২ সালের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের সুখরঞ্জন বালি। পরে তাকে ভারতে খুঁজে পাওয়া যায় এবং সেখানে একটি কারাগারে প্রায় পাঁচ বছর আটক ছিলেন।

এ ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট সুখরঞ্জন বালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাসহ মোট ৩২ জনকে আসামি করা হয়।