চর্যাপদ সাহিত্য একাডেমি ২০২৫ ও ২০২৬ সালের সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ছয় লেখকের নাম ঘোষণা করেছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১১টায় চাঁদপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।

তিনি জানান, এ বছর দুই বছরের পুরস্কার একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাডেমি।
ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন— কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান এবং শিশুসাহিত্যে এনায়েত রসুল।
অন্যদিকে ২০২৬ সালের পুরস্কার পেয়েছেন— কবিতায় জরিনা আখতার, প্রবন্ধ সাহিত্যে প্রণব মজুমদার এবং নাট্যসাহিত্যে মোস্তফা কামাল যাত্রা।
একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্য সচিব কামরুন্নাহার বিউটি, জুরি বোর্ডের সদস্য সচিব নন্দিতা দাস, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম এবং প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।
সভাপতির বক্তব্যে আয়েশা আক্তার রুপা বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হবে।
একাডেমির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, পুরস্কার প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে একটি উপ-কমিটিকে প্রয়োজনীয় দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দেশের বরেণ্য সাহিত্যিকদের উপস্থিতিতে শিগগিরই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে।
চর্যাপদ সাহিত্য একাডেমি ২০১৯ সাল থেকে নিয়মিতভাবে এ পুরস্কার প্রদান করে আসছে। এর আগে আশরাফ আহমদ, নাহিদা আশরাফী, হাসান আলী, শহীদুল্লাহ ফরায়জী, মোহাম্মদ আজাদ হোসেন, হোসেন দেলওয়ার, মিল্টন খন্দকার, হাসনাত আমজাদ, গৌরাঙ্গ সাহা, রকিব লিখন, জামসেদ ওয়াজেদ, মজিদ মাহমুদ, হামিদ কায়সার, তপন বাগচী, মনি হায়দার, বীরেন মুখার্জী, মিলু শামস, স্বরূপ রতন দত্ত, ফারহানা রহমান, রকিবুল হাসান, মাসুদুল হক, পারভীন সুলতানা, হেনরী স্বপন, নিলুফা আক্তার, মামুন রশীদ এবং প্রত্যয় হামিদসহ দেশের বহু সাহিত্যিক এ সম্মাননায় ভূষিত হয়েছেন।
এবারের আয়োজনের অনুষ্ঠান পার্টনার হিসেবে রয়েছে কনসেপ্ট আইইএলটিএস অ্যান্ড স্পোকেন সেন্টার, চাঁদপুর এবং অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা ডটকম।
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ