চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের গ্রামখিলা (সফিউল্লাহ্ মার্কেট) এলাকায় অবস্থিত দারুল কারিম আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় শুক্রবার (৩ জুলাই) এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের নিয়ে মানবিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য, সহকারী অধ্যাপক মাওঃ শাহ আলম।
তিনি এতিম ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন এবং তাদের সঙ্গে একই কাতারে বসে আন্তরিক পরিবেশে খাবার গ্রহণ করেন।
পরে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন দেশীয় ফলদ ও কাঠজাতীয় বৃক্ষের চারা রোপণ করেন তিনি। এছাড়াও পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওঃ মাছুম বিল্লাহ, দারুল কারিম আল-ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ মাওঃ ইকবাল হোসাইন, নাহারা গাবতলী দারুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ আব্দুল ওয়াদুদ খানসহ অত্র প্রতিষ্ঠানের আলেম-ওলামা, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ এবং বৃক্ষের পরিচর্যার কোনো বিকল্প নেই। এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ