রুদ্ধশ্বাস লড়াই শেষে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরা কেপ ভার্দে অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচে দারুণ প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে জয় তুলে নেয় লিওনেল মেসির দল।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের ২৯তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্টিনেজের লম্বা পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে টুর্নামেন্টে নিজের সপ্তম এবং বিশ্বকাপ ক্যারিয়ারের ২০তম গোল করেন ৩৯ বছর বয়সী এই তারকা।
তবে সহজে হার মানেনি কেপ ভার্দে। ৫৯তম মিনিটে অধিনায়ক রায়ান মেন্ডেসের পাস থেকে ডেরয় দুয়ার্তে গোল করে সমতা ফেরান। এরপর উভয় দল একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের দ্বিতীয় মিনিটেই লিসান্দ্রো মার্টিনেজের দুর্দান্ত গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু ১০৩তম মিনিটে সিডনি লোপেস কাবরালের চমৎকার কার্লিং শটে ফের সমতায় ফেরে কেপ ভার্দে।

শেষ পর্যন্ত ১১১তম মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। মেসির কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্হেসের গায়ে লেগে জালে জড়ালে আত্মঘাতী গোলের সুবাদে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ মুহূর্তে কাবরালের দুর্দান্ত এক ফ্রি-কিক ঠেকিয়ে দলকে জয় এনে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

পরাজিত হলেও দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে কেপ ভার্দে। বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করার পর এবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট আর্জেন্টিনাকেও অতিরিক্ত সময় পর্যন্ত চাপে রেখেছিল আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। চার ম্যাচে ৯০ মিনিটের মধ্যে তাদের হারাতে পারেনি কোনো দল।

এই জয়ে শেষ ষোলোতে ওঠা আর্জেন্টিনা আগামী মঙ্গলবার আটলান্টায় মিশরের মুখোমুখি হবে। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও সাহসী ও লড়াকু পারফরম্যান্সে বিশ্ব ফুটবলে নতুন পরিচয় গড়ে দেশে ফিরছে কেপ ভার্দে।