বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো শেষ ষোলো নিশ্চিত করেছে মিশর। রাউন্ড অব ৩২-এর ম্যাচে নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে পরের পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।
ম্যাচজুড়েই আধিপত্য ছিল মিশরের। ৫৮ শতাংশ বলের দখল ধরে রাখা দলটি ১৪টি শট নেয়, যার চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে অস্ট্রেলিয়া ১৬টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি।
ম্যাচের ১৩তম মিনিটে করিম হাফেজের ক্রস থেকে নিখুঁত হেডে গোল করে মিশরকে এগিয়ে দেন মিডফিল্ডার এমাম আশুর। চলতি বিশ্বকাপে এটি ছিল তার দ্বিতীয় গোল। গোলের পর ব্যবধান বাড়ানোর জন্য একের পর এক আক্রমণ চালায় মিশর। পাল্টা আক্রমণে অস্ট্রেলিয়াও সমতায় ফেরার চেষ্টা করলেও মিশরের দৃঢ় রক্ষণভাগে সফল হতে পারেনি। ১-০ ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পর ৫৪তম মিনিটে আত্মঘাতী গোল করে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরার সুযোগ করে দেন মিশরের মোহাম্মদ হানি। এরপর নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে শুরু থেকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম শটেই হ্যারি শুটারের প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। পরে চতুর্থ শট নিতে এসে ব্যর্থ হন লুকাস হেরিংটনও।
অন্যদিকে মিশরের হয়ে মাহমুদ সাবের, রামি রাবিয়া, মোহামেদ সালাহ ও আবদেল মাজিদ—চারজনই সফলভাবে বল জালে পাঠান। ফলে পঞ্চম শট নেওয়ার প্রয়োজনই হয়নি। ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে ইতিহাস গড়ে শেষ ষোলোয় জায়গা করে নেয় মিশর।
শেষ ষোলোতে মিশরের প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন।
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ