স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবনির্মিত ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী বলেন, শুধু বাজেট বৃদ্ধি করলেই হবে না, বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করে জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে হবে। স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আনাই সরকারের মূল লক্ষ্য।
তিনি বলেন, চলতি জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যা বড় হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কমাতে সহায়ক হবে।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
সভাপতির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু মোকাবিলায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের পাশাপাশি উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নিয়মিত মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা অভিযান, লার্ভা ধ্বংস এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনে ব্যবস্থাপনা কমিটির সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ