চট্টগ্রাম সিটি করপোরেশন ও প্রিমিয়ার ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড় ক্যাম্পাসে ‘সিটি সার্ভিস ইনকিউবেটর অ্যান্ড রিসার্চ সেন্টার’ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ড. টিম ইভান্স।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি আধুনিক, টেকসই ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর সমাধানের কোনো বিকল্প নেই। তিনি বলেন, “নগরের সমস্যার বিজ্ঞানভিত্তিক সমাধান করতে চাই।” তাঁর মতে, নতুন এই গবেষণা কেন্দ্র নগর ব্যবস্থাপনা, জনসেবা এবং নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, উন্নয়ন কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মানের গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি নগর উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সেবা এবং গবেষণাভিত্তিক পরিকল্পনা প্রণয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।