শিশুদের পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, দেশীয় মৌসুমি ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার কাটাখালি শাখায় ‘মৌসুমি ফল উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) ‘Let’s Learn with Fun’ প্রতিপাদ্যে আয়োজিত এ উৎসবে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

উৎসবকে কেন্দ্র করে আয়োজিত ফল প্রদর্শনীতে বাংলাদেশের বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলসহ মোট ৬২ প্রজাতির ফল প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল কাঁঠাল, আম, আনারস, কলা, লিচু, তরমুজ, বাঙ্গি, জাম, জামরুল, পেয়ারা, পেঁপে, ডাব, নারিকেল, আতা, সফেদা, বেল, আমড়া, করমচা, কুল, লেবু, কমলা, মাল্টা, ড্রাগন ফল, আঙুর, আপেল, নাশপাতি, ডালিম, স্ট্রবেরি ও কিউই। এছাড়া বিভিন্ন ফল দিয়ে তৈরি ১০৫টি খাদ্যসামগ্রীও প্রদর্শন করা হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ ও বাস্তবমুখী শিক্ষার বিকাশে ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমধর্মী ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক আরিফুল ইসলাম সুজন বলেন, “বর্তমান প্রজন্মকে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে উদ্বুদ্ধ করতে এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন অত্যন্ত কার্যকর। মৌসুমি ফল শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ফাস্টফুডের পরিবর্তে দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আনন্দের মাধ্যমে শেখার সুযোগ সৃষ্টি করার পাশাপাশি দেশীয় ফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রসঙ্গত, উৎসবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রতিষ্ঠান প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। শিক্ষার্থীরা বিভিন্ন ফল সম্পর্কে জানার পাশাপাশি ফলভিত্তিক বিভিন্ন আয়োজন উপভোগ করে উচ্ছ্বাস প্রকাশ করে।