ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। সেলেসাওদের বিপক্ষে জোড়া গোল করা এই ফরোয়ার্ড বলেছেন, একসময় তিনি নিজেই মনে করতেন এমন অর্জন অসম্ভব, তবে এখন বুঝতে পারছেন তিনি ভুল ছিলেন।

রোববার (৫ জুলাই) ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেয় নরওয়ে।

ম্যাচ শেষে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় হালান্ড বলেন, “আমি এটা বিশ্বাসই করতে পারছিলাম না। জীবনে কখনো ভাবিনি এটা ঘটবে। সবসময় নরওয়ের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতাম, কিন্তু ব্রাজিলকে হারাতে পারব—এটা কখনো ভাবিনি। আমি মনে করতাম কিছু কিছু জিনিস অসম্ভব, কিন্তু মনে হচ্ছে আমি ভুল ছিলাম।”

নরওয়ের ইতিহাসে এটিই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার কীর্তি। এর আগে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে শেষ ষোলোতে ওঠাই ছিল দলটির সর্বোচ্চ সাফল্য।

দলের পারফরম্যান্স নিয়ে হালান্ড বলেন, “আমরা আমাদের খেলার ধরণে বলের দখল ভালোভাবে ধরে রাখতে পেরেছি। প্রত্যেক খেলোয়াড় নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলেছে। পুরো জাতি হিসেবে আমরা অনেক উন্নতি করেছি।”

কোয়ার্টার ফাইনালে আগামী ১১ জুলাই নরওয়ের প্রতিপক্ষ ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশ সময় রাত ৩টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।