চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে ‘জাতীয় বাজেট ২০২৬–২৭’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় অনুষদের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুরের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মূল আলোচক (মাস্টার ডিসকাস্যান্ট) ছিলেন অ্যাকাউন্টিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন। প্রবন্ধ উপস্থাপন করেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এস. এম. শোহরাবুদ্দিন এবং অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল হোছাইন।
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় জাতীয় বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের বাজেটের মূল লক্ষ্য অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা বজায় রাখা এবং পুনর্গঠন। স্বাস্থ্য ও শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দের পাশাপাশি কৃষি ও গ্রামীণ উন্নয়নের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, রাজস্ব আহরণে ঘাটতি এবং বিনিয়োগ বৃদ্ধি—এসব বিষয় এখন বড় চ্যালেঞ্জ। এসব বিষয়ে কার্যকর সমাধান খুঁজে বের করতে গবেষণা ও আলোচনার প্রয়োজন রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, উপস্থাপিত গবেষণাপত্রে জাতীয় বাজেটের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়েছে। বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, বাজেট বাস্তবায়নের সম্ভাব্য চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেগুলো মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।
সেমিনারে বক্তারা ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটের সামষ্টিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা, রাজস্বনীতি এবং দেশের উন্নয়ন ভাবনার তাত্ত্বিক ও প্রায়োগিক বিভিন্ন দিক তুলে ধরেন।
স্বাগত বক্তব্যে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর জাতীয় অর্থনীতির সঠিক দিকনির্দেশনা এবং বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাবিদ ও গবেষকদের গঠনমূলক আলোচনার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য দেন ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যান ও ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ