চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রশিদপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা। শিক্ষার্থীদের পাঠদানের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিতে চারটি সিলিং ফ্যান উপহার দিয়েছে সংগঠনটি।
সোমবার (৬ জুলাই) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফ্যানগুলো মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, চলমান তীব্র গরমে শ্রেণিকক্ষে পাঠদান ও শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাগ্রহণ ব্যাহত হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়েই শিক্ষার্থীদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি আবু ইউসুফ সুমন, সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন গাজী, সদস্য জয়নাল আবেদিন ও জসিম উদ্দিন। এছাড়া রশিদপুর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ সংগঠনটির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, নতুন সিলিং ফ্যানগুলো চালু হলে শিক্ষার্থীরা গরমের কষ্ট থেকে অনেকটাই মুক্তি পাবে এবং আরও স্বাচ্ছন্দ্যে পাঠগ্রহণ করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
এ সময় দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ বলেন, শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতেও সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানবিক সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ