চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে “মৎস্যচাষ সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)”-এর আওতায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে প্রদর্শনী স্থাপনের জন্য ৪টি উপকরণ সেট বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে উপকরণ তুলে দেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাবা মনিরা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, উপজেলা কৃষি অফিসার ড. সাজ্জাদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাকসুদুল আলম ও উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাকসহ উপকারভোগী জনগোষ্ঠী উপস্থিত ছিলেন। এছাড়াও প্রকল্পের উপকারভোগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ প্রকল্পের মাধ্যমে গৃহস্থালি পুকুরের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এর ফলে মাছের উৎপাদন বৃদ্ধি, পারিবারিক পুষ্টি নিশ্চিতকরণ এবং উপকারভোগীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে আরও বিভিন্ন প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা প্রদান করা হবে, যাতে স্থানীয় পর্যায়ে টেকসই মৎস্য উৎপাদন বৃদ্ধি পায় এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।