দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ১৩ মিনিটে টানা তিন গোল করে নাটকীয় জয় তুলে নেয় লিওনেল মেসির দল।

রবিবার (৫ জুলাই) অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও ১৫ মিনিটে ইয়াসির ইব্রাহিমের হেডে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা।

২০ মিনিটের মাথায় সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েও ব্যর্থ হন লিওনেল মেসি। তাগলিয়াফিকোকে ফাউল করার পর পাওয়া পেনাল্টি দারুণভাবে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। এরপরও একাধিক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি আলবিসেলেস্তেরা।

দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে ৬৭ মিনিটে জিকোর গোলে ব্যবধান দ্বিগুণ করে মিশর। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা।

তবে এরপরই শুরু হয় বিশ্বচ্যাম্পিয়নদের দুর্দান্ত প্রত্যাবর্তন। ৭৯ মিনিটে লিওনেল মেসির ক্রস থেকে ক্রিস্টিয়ান রোমেরো হেডে প্রথম গোল করে ব্যবধান কমান। ৮৪ মিনিটে নিজেই গোল করে সমতা ফেরান মেসি। চলতি বিশ্বকাপে এটি ছিল তার অষ্টম গোল।

সমতায় ফেরার পর আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। ম্যাচের শেষ মুহূর্তে লাউতারো মার্টিনেজের নিখুঁত ক্রস থেকে এনজো ফার্নান্দেজ দুর্দান্ত হেডে জয়সূচক গোল করেন।

৩-২ গোলের অবিশ্বাস্য এই জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচের বিজয়ী দল।