বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে নাটকীয়ভাবে হারের পর ম্যাচ পরিচালনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের ফুটবলার মোস্তফা জিকো। ম্যাচ শেষে তিনি প্রধান রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে-এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাকে ‘জালিম’ বলে মন্তব্য করেন।
রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ ১৩ মিনিট ১৫ সেকেন্ডে টানা তিন গোল হজম করে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিশর। এই পরাজয়ের পর আবেগাপ্লুত হয়ে প্রতিক্রিয়া জানান জিকো।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অশ্রুসিক্ত জিকো বলেন, “রেফারি অন্যায় করেছেন। তিনি একদমই নিরপেক্ষ ছিলেন না।”
তিনি আরও বলেন, “তিনি একজন জালিম। এটা স্পষ্ট, দিবালোকের মতো পরিষ্কার যে আমাদের প্রতি অবিচার করা হয়েছে।”
রেফারির সিদ্ধান্তের সমালোচনা করে জিকো বলেন, “তিনি একটি দেশের পুরো পরিশ্রম এক মুহূর্তেই নষ্ট করে দিলেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিরুদ্ধে কাজ করেছেন।”
উল্লেখ্য, আর্জেন্টিনা-মিশরের হাইভোল্টেজ এই ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে।
ম্যাচের শেষ দিকে কয়েকটি সিদ্ধান্তকে ঘিরে মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে অসন্তোষ দেখা যায়। তবে এ বিষয়ে ম্যাচ কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ