চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (৮ জুলাই) সকালে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে মাধবখালী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাধবখালী বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৭০/৬-এস সংলগ্ন এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করে।
পরে ওই ব্যক্তি সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশবাগানে একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
স্থানীয়দের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ পাওয়া যায়। একই সঙ্গে পলিথিনে মোড়ানো অবস্থায় আমেরিকায় তৈরি একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম জানান, সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধার করা মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি বলেন, অস্ত্র ও মাদক চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ