বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে জিয়ান্নি ইনফান্তিনো ও ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের–এর বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে যান এক তরুণ। অভিযোগে তিনি পূর্বপরিকল্পিতভাবে ম্যাচের ফল প্রভাবিত করার দাবি করে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণও চান।

অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে যান। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তাদের আইনগত এখতিয়ারের মধ্যে পড়ে না।

লিখিত অভিযোগে রাকিব দাবি করেন, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় তিনি আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচটি দেখছিলেন। তার অভিযোগ, ম্যাচ পরিচালনায় রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন, যার ফলে তার সমর্থিত দল মিসর পরাজিত হয়েছে।
অভিযোগে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন।

রাকিবের দাবি, অন্যায্য পেনাল্টি দেওয়া, বৈধ গোল বাতিল করা এবং মিসরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ম্যাচের ফলাফল প্রভাবিত করা হয়েছে। এতে তিনি ও অন্যান্য মিসর সমর্থক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে তিনি ফিফার কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হলেও এ বিষয়ে বাংলাদেশের থানার আইনগত এখতিয়ার না থাকায় কোনো মামলা গ্রহণ বা পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।