নির্বাচনের প্রায় পাঁচ মাস পর চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর।

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

এর আগে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের পর নির্বাচন কমিশন চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত সরোয়ার আলমগীরের নাম-ঠিকানাসহ ফলাফলের গেজেট প্রকাশ করে। পরে নির্বাচন কমিশন সচিবালয় শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদ সচিবালয়ে চিঠি পাঠায়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সরোয়ার আলমগীর নির্বাচিত হন। তবে প্রার্থিতা নিয়ে আইনি জটিলতার কারণে এতদিন তার ফলাফলের গেজেট প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন। এর পরই তার ফলাফলের গেজেট প্রকাশ এবং সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পথ সুগম হয়।