মৌসুমি ফল, আনন্দঘন পরিবেশ আর মিলনমেলায় মুখর হয়ে ওঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) কার্যালয়। সংগঠনটির এক যুগে পদার্পণ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ৯ জুলাই আয়োজন করা হয় বর্ণিল ফল উৎসব।
দেশি-বিদেশি নানা মৌসুমি ফলে সাজানো হয় উৎসবের আয়োজন। রসালো আম, জাতীয় ফল কাঁঠাল, আনারস, কলা, আঙুর, ড্রাগন ফলসহ বিভিন্ন ফল উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। ফলের স্বাদ আর আন্তরিক আড্ডায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়।
জাককানইবিসাসের সভাপতি জান্নাতি বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ও সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, প্রক্টর ড. মাহবুবুর রহমান, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস. এম. হাফিজুর রহমান এবং বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি নজরুল ইসলাম কাজল।
আন্তঃবিশ্ববিদ্যালয় সৌহার্দ্য বাড়াতে অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সহ-সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক ইসরাত জাহান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক তাসনীম সিদ্দিকা। এছাড়া জাককানইবিসাসের সাংগঠনিক সম্পাদক আখলাকুল ইসলাম অনিক, দপ্তর সম্পাদক রইসুল আরাফাত, কার্যনির্বাহী সদস্য এবং সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক সমিতির এক যুগের গৌরবময় পথচলার স্মৃতিচারণ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা মনে করেন, ক্যাম্পাসে সম্প্রীতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
এক যুগের এই যাত্রাকে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সম্প্রীতি, ঐতিহ্য ও সৌহার্দ্যের এক রঙিন উদযাপনে রূপ দিয়েছে জাককানইবিসাসের ফল উৎসব। মৌসুমি ফলের স্বাদে-রঙে ভরা এই আয়োজন অংশগ্রহণকারীদের কাছে হয়ে থাকবে এক আনন্দময় স্মৃতি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ