তুরস্কের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতায় বগুড়ায় একটি আধুনিক ড্রোন তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই কারখানাটি স্থাপনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে তিনি এ তথ্য জানান।

বিএসআরএফের সভাপতি মাসুদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়া বিমানঘাঁটির পাশে আধুনিক ড্রোন তৈরির কারখানা নির্মাণ করা হবে।

তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলে বর্তমানে আন্তর্জাতিক মানের কোনো বিমানবন্দর নেই। এ কারণে বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলছে।

মীর শাহে আলম আরও জানান, উত্তরাঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পূর্ণাঙ্গ প্রথম বিমানঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। ভবিষ্যতে বিমানবাহিনীর বহরে যুক্ত হওয়া নতুন ও আধুনিক যুদ্ধবিমানগুলো মূলত এ ঘাঁটিতে রাখা হবে।

তিনি বলেন, ড্রোন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমানঘাঁটি—এই তিনটি প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের শিল্প, যোগাযোগ ও কৌশলগত সক্ষমতা আরও শক্তিশালী হবে।

উল্লেখ্য, পাকিস্তান আমলে নির্মিত বগুড়া বিমানবন্দরটি দেশের অন্যতম পুরোনো বিমানবন্দর। পরবর্তী সময়ে এর আধুনিকায়নে একাধিক উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন কারণে প্রকল্পটি বাস্তবায়ন হয়নি।