হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গবেষণা প্রবন্ধ লেখার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী ‘Hands-on Workshop on Research Paper Writing with LaTeX’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে আইইইই কম্পিউটার সোসাইটি, হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার।
কর্মশালার প্রথম দিন বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এবং দ্বিতীয় দিন শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ কুদরাত-ই-খুদা একাডেমিক ভবনের ৬২৪ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
দুই দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় ১১০ জন শিক্ষার্থী অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আশীষ কুমার মণ্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের রংপুর বিভাগের কো-অর্ডিনেটর এবং ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিনা সুলতানা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ডিআইওটি ল্যাবের অ্যাসোসিয়েট তানবিন ইয়াসমিন তন্বি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন বলেন, উত্তরবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও শিক্ষার্থীদের হতাশ হওয়ার সুযোগ নেই। নিয়মিত অধ্যয়ন, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা অর্জনের মাধ্যমে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতার পরিচয় দিতে পারবেন।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা LaTeX ব্যবহার করে গবেষণা প্রবন্ধের ফরম্যাটিং, রেফারেন্সিং এবং আন্তর্জাতিক কনফারেন্স ও জার্নালে প্রকাশনার বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ নেন।
আয়োজকরা জানান, এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা প্রবন্ধ লেখার আধুনিক পদ্ধতি আয়ত্ত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশে আরও দক্ষ হয়ে উঠবেন।
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ