ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি-ডে ২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় তিনি গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

পরে ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে দুটি নতুন ছাত্রী হোস্টেল নির্মাণ-সংক্রান্ত উপস্থাপনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। তিনি প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

এরপর প্রধানমন্ত্রী ক্যাম্পাস প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করেন।

এ ছাড়া ডিএমসি-ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।