তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সমস্যা সমাধানে সক্ষম করে তুলতে নতুন উদ্যোগ হিসেবে ‘UNYSAB Rise Season 1’ আয়োজন করেছে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিসাব) Rajshahi Division।

২০১৪ সালে যাত্রা শুরু করা UNYSAB Rajshahi Division দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের সামাজিক দায়িত্ববোধ ও নেতৃত্বগুণ বিকাশে কাজ করে আসছে। সংগঠনটি মূলত সোশ্যাল ওয়েলফেয়ার এবং স্কিল ডেভেলপমেন্ট—এই দুই ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো আয়োজন করা হয় দক্ষতা উন্নয়নমূলক প্ল্যাটফর্ম ‘UNYSAB Rise Season 1’।

আয়োজনটি ছিল সংগঠনের সহযোগী সদস্য ও স্বেচ্ছাসেবীদের জন্য একটি মাস্টারক্লাস ও কেস কম্পিটিশন। শুরুতে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিভিন্ন দলে ভাগ করা হয়। পরে প্রতিটি দলকে একটি সামাজিক সমস্যা নিয়ে ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে জমা দিতে হয়। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত দলগুলো মূল পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।

মূল আয়োজনের আগে ৯ জুলাই রাতে অনুষ্ঠিত হয় একটি অনলাইন প্রস্তুতিমূলক সেশন। এতে প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ ইউনিলিভারের ট্যালেন্ট পার্টনার আশরাফুল শাবাব। তিনি কেস অ্যানালাইসিস, সমস্যা সমাধানের কৌশল এবং কার্যকর উপস্থাপনা বিষয়ে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন।

১০ জুলাই অনুষ্ঠিত মূল আয়োজনে মাস্টারক্লাস পরিচালনা করেন গ্রামীণফোনের ক্লাস্টার ম্যানেজার তাকিয়া মোশাররেফ। তিনি কর্পোরেট পরিবেশে সমস্যা বিশ্লেষণ, দলগত কাজ, উপস্থাপনা দক্ষতা এবং বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।

মাস্টারক্লাস শেষে অংশগ্রহণকারী দলগুলোর সামনে একটি নতুন সামাজিক সমস্যা উপস্থাপন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলো সমস্যার সমাধান প্রস্তুত করে পোস্টারের মাধ্যমে বিচারকদের সামনে উপস্থাপন করে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা দলগুলোকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. এ. এইচ. এম. খুরশিদ আলম, তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের প্রভাষক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মো. নুরুল মোমেন, ড. মো. জহুরুল আনিস এবং দিব্যেন্দু বিশ্বাস। এছাড়াও UNYSAB Rajshahi Division-এর অ্যালামনাই সদস্যরা উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহ ও দিকনির্দেশনা প্রদান করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণ স্বেচ্ছাসেবীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং বাস্তব সামাজিক সমস্যার কার্যকর সমাধানে সক্ষম করে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

উল্লেখ্য, UNYSAB Rajshahi Division-এর সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রমের মধ্যে রয়েছে Project Clean & Care, Eid for Street Children, Project Happy Birthday, Dream Orange এবং Week for Humanity। অন্যদিকে স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমের আওতায় রয়েছে National Talent Fest, National Youth Leadership Summit, RU Talent Hunt, Next Leap, UNYSAB Xcelerate এবং সর্বশেষ UNYSAB Rise।