রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের চাকরির বাজারের জন্য প্রস্তুত করা, কর্পোরেট খাতের সঙ্গে সংযোগ স্থাপন এবং উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী ১১তম আরসিএফ (RUET Career Forum) ক্যারিয়ার ফেয়ার-২০২৬ শেষ হয়েছে।
১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান, মানবসম্পদ (এইচআর) বিশেষজ্ঞ, সফল বিসিএস ক্যাডার এবং উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শকেরা অংশ নেন।

দুই দিনের ক্যারিয়ার ফেয়ারে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১,৫০০টি সিভি জমা দেন শিক্ষার্থীরা। পাশাপাশি Sigma Oil Industries Ltd.-এর অন-ক্যাম্পাস রিক্রুটমেন্ট কার্যক্রমে ৬০ জনের বেশি শিক্ষার্থী সরাসরি ভাইভায় অংশ নেওয়ার সুযোগ পান। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন থেকেই কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে।
প্রথম দিনে অনুষ্ঠিত বিসিএস ক্যারিয়ার সেমিনারে রুয়েটের তিনজন সফল বিসিএস ক্যাডার বিসিএস প্রস্তুতির কৌশল, সময় ব্যবস্থাপনা, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি এবং নিজেদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত Higher Studies, IELTS and Spoken English বিষয়ক সেমিনারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আইইএলটিএস প্রস্তুতি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ও বিশেষ কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। উদ্বোধনের পর তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং বলেন, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার সঙ্গে সংযুক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ছাড়া এইচআর সামিটে ওয়ালটন, প্রাণ গ্রুপ , আরএফএল গ্রুপ, বিএসআরএম ও এমজিআই- সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রতিনিধিরা কর্পোরেট সংস্কৃতি, নিয়োগপ্রক্রিয়া, বর্তমান চাকরির বাজারের চাহিদা এবং সফট স্কিল উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা সরাসরি কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।
আয়োজকদের মতে, চাকরির আবেদন গ্রহণের পাশাপাশি অন-ক্যাম্পাস নিয়োগ, বিসিএস প্রস্তুতি, উচ্চশিক্ষা, কর্পোরেট নেটওয়ার্কিং এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমের সমন্বয়ে এবারের ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে।
সমাপনী অনুষ্ঠানে রুয়েট ক্যারিয়ার ফোরামের সভাপতি ফজলে রাব্বি বলেন, “এক দশকেরও বেশি সময় ধরে রুয়েট ক্যারিয়ার ফোরাম শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ফেয়ারের আয়োজন করে আসছে। এই আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা এবং কর্পোরেট খাতের সঙ্গে সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।”
প্রসঙ্গত, এবারের ক্যারিয়ার ফেয়ারে ওয়ালটন, বিএসআরএম, প্রাণ গ্রুপ , আরএফএল গ্রুপ, এমজিআই, নাভানা, সিগমা ওয়েল ইন্ডাস্ট্রিজ লি:,ইকোলজিক্স লি:, ওরবিটাল, মেন্টর্স এবং নেক্সটজেন সিভিল-সহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ