পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে হাতিটি মারা যায়।
জানা যায়, শনিবার বিকেলে পাহাড়ের চূড়ায় লতাপাতা খাওয়ার সময় হঠাৎ পা পিছলে প্রায় ২০০ ফুট গভীর ঢালে পড়ে যায় হাতিটি। ওপর থেকে নিচে আছড়ে পড়ায় তার মেরুদণ্ড ও পায়ে গুরুতর আঘাত লাগে। এতে সে আর দাঁড়াতে পারেনি।
হাতিটির আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা বন বিভাগকে খবর দেন। পরে টেকনাফ রেঞ্জের বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
পরবর্তীতে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক থেকে অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি বিশেষ দল ঘটনাস্থলে এসে হাতিটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা শুরু করে।
তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রোববার সকালে হাতিটি মারা যায়।
বন বিভাগ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাতিটির মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ