চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবৃত্তি সংসদের উদ্যোগে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা-২৬’। কর্মশালায় প্রমিত উচ্চারণ, উপস্থাপনা, আবৃত্তি, সংবাদ পাঠ, মোবাইল জার্নালিজমসহ বাচনিক শিল্পের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
রবিবার (১২ জুলাই) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের চবিসাস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মশালার বিস্তারিত তুলে ধরেন সংগঠনটির নেতারা। এ সময় কার্যনির্বাহী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চবি আবৃত্তি সংসদ একটি অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে সাহিত্য, সংস্কৃতি ও ভাষাচর্চার প্রসার এবং দেশীয় সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হচ্ছে তিন মাসব্যাপী এ কর্মশালার।
সংগঠনটি জানায়, কর্মশালার পাঠ্যসূচিতে থাকবে ধ্বনির পরিচয় ও প্রকরণ, প্রমিত উচ্চারণ, ভাব-রস ও ছন্দজ্ঞান, কণ্ঠশীলন ও প্রাণায়াম, স্বর ও স্বর-প্রক্ষেপণ, মাইক্রোফোনের ব্যবহার, উপস্থাপনা ও গণবক্তৃতার কলাকৌশল, সংবাদ পাঠ ও মোবাইল জার্নালিজম, বাচনিক নন্দন এবং একক, দ্বৈত ও বৃন্দ আবৃত্তি নির্মাণ।
আগামী ১৩ জুলাই থেকে অনলাইনে নিবন্ধন শুরু হবে। এ ছাড়া ১৪ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট ও ব্যবসায় প্রশাসন অনুষদের যাত্রী ছাউনিতে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিবন্ধন ফরম সংগ্রহ করা যাবে। কর্মশালার ক্লাস অনুষ্ঠিত হবে প্রতি রোববার ও বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। মোট আসনসংখ্যা ২০০।
আয়োজকদের দাবি, কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু আবৃত্তি বা উপস্থাপনার দক্ষতাই অর্জন করবেন না, বরং আত্মবিশ্বাস বৃদ্ধি, শুদ্ধ ভাষাচর্চা, গণবক্তৃতা, সংবাদ পাঠ ও মোবাইল সাংবাদিকতার মতো ব্যবহারিক দক্ষতাও অর্জনের সুযোগ পাবেন। প্রশিক্ষণে যোগ্যতা প্রমাণ করতে পারলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও টেলিভিশন প্ল্যাটফর্মে পারফর্ম করার সুযোগও তৈরি হতে পারে।
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ