দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। তাঁর পক্ষে রোববার (১২ জুলাই) ছাত্রদলের নেতাকর্মীরা বন্যাদুর্গত পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী পৌঁছে দেন।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, চানাচুর, পাউরুটি, চিড়া ও মুড়ি। এ ছাড়া স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাসামগ্রীর মধ্যে বিতরণ করা হয় স্যানিটারি ন্যাপকিন, ওরস্যালাইন (ওআরএস), প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ এবং বিশুদ্ধ পানি।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, চাকসুর শাহজালাল হল সংসদের এজিএস ও চবি ছাত্রদলের প্রচার সম্পাদক ইমতিয়াজ জাবেদ, মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক আতাহার হোসেন ইশতিয়াক, সহসাংগঠনিক সম্পাদক হাসনান বিন হুদা এবং সদস্য ফয়সাল মাহমুদ।

ত্রাণ বিতরণ শেষে আবদুল্লাহ আল নোমান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে তাঁদের এ উদ্যোগ। সংকট কাটিয়ে না ওঠা পর্যন্ত সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।