শাহরাস্তি উপজেলার বৃহত্তর টামটা ইউনিয়নের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপনের পিতা হাজী জহিরুল হক পাটোয়ারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা শাখা।

রবিবার (১২ জুলাই) এক শোকবার্তায় জামায়াতে ইসলামীর শাহরাস্তি উপজেলা শাখার আমীর মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশা ফয়সাল এবং সেক্রেটারি প্রভাষক মাওলানা মাঈন উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, হাজী জহিরুল হক পাটোয়ারী একজন সজ্জন, সমাজসেবক ও জনবান্ধব ব্যক্তি ছিলেন। তিনি বৃহত্তর টামটা ইউনিয়নের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে শাহরাস্তিবাসী একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বকে হারালো।

উল্লেখ্য, হাজী জহিরুল হক পাটোয়ারী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর প্রথম জানাজার নামাজ রোববার বাদ মাগরিব ঢাকা আফতাবনগর বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজার নামাজ সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় শাহরাস্তি উপজেলার বলশিদ দক্ষিণ পাড়া পাটোয়ারী বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হবে।