চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ছয়টি মাদক মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১২ জুলাই ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) আরিফ হোসাইন, এসআই (নিঃ) মাহবুবুল হক ও এসআই (নিঃ) খায়রুল আলম সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস দল উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন ফারুক প্রকাশ কটি ফারুক (২৯)। তিনি শাহরাস্তি উপজেলার আয়নাতলী (ধনগাজী বাড়ি) গ্রামের জহিরের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ছয়টি মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আইনের আওতা থেকে কোনো অপরাধী রেহাই পাবে না। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে শাহরাস্তি মডেল থানার এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ