চট্টগ্রামের হাটহাজারীতে সাম্প্রতিক টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল তিনটায় হাটহাজারী উপজেলার ফতেয়াবাদের সেকান্দর কলোনিতে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত সামাজিক ও মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
ত্রাণ বিতরণকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, জাতীয় দুর্যোগ, মহামারি ও মানবিক সংকটে সমাজ ও দেশের মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয় পরিবার সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পক্ষ থেকে এটি একটি ক্ষুদ্র প্রয়াস। আশা করি, এতে আপনাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।’
তিনি দুর্যোগ মোকাবিলায় সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি এ কার্যক্রমে সহযোগিতাকারীদের প্রতি ধন্যবাদ জানান তিনি।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, আবাসিক হলগুলোর প্রভোস্ট, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক, চাকসু কেন্দ্রের পরিচালক, বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।
চবি প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে শুকনো খাবার, জরুরি ওষুধ এবং বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছিল।
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ