বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। মঙ্গলবার ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নিল লা রোজা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্পেন। তবে প্রথম দিকেই কয়েকটি সুযোগ তৈরি করেছিল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেকে কার্যকরভাবে আটকে দেন স্পেনের রক্ষণভাগ, বিশেষ করে মার্ক কুকুরেয়া। একই সঙ্গে গোলরক্ষক উনাই সিমনের দুর্দান্ত নৈপুণ্যে ফরাসিদের একাধিক আক্রমণ ব্যর্থ হয়।
২৩তম মিনিটে এগিয়ে যায় স্পেন। লামিন ইয়ামালকে ডি-বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল।

গোল হজমের পর আরও বিপাকে পড়ে ফ্রান্স। ইনজুরিতে সেন্টারব্যাক উইলিয়াম সালিবা মাঠ ছাড়লে রক্ষণে দুর্বলতা তৈরি হয়। বিরতির আগে সমতায় ফেরার কয়েকটি সুযোগ পেলেও উনাই সিমনের দৃঢ়তায় গোলের দেখা পায়নি দিদিয়ের দেশমের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল অব্যাহত রাখে স্পেন। ৫৮তম মিনিটে দানি ওলমো ও পেদ্রো পোরোর দারুণ বোঝাপড়ার পর পোরোর শটে ব্যবধান দ্বিগুণ হয়।
এরপর ইয়ামাল আরেকবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। অন্যদিকে শেষ দিকে এমবাপ্পে, হার্নান্দেজ ও বারকোলাদের একাধিক প্রচেষ্টা ব্যর্থ করে দেন উনাই সিমন ও স্পেনের রক্ষণভাগ।
নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয়ে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠল তারা।
আগামী ১৯ জুলাই নিউইয়র্ক-নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা। অন্যদিকে, ফ্রান্স ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দলের মুখোমুখি হবে।
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ