উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকতে পারে। তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে অবস্থানরত নৌযানগুলোকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির প্রতি নজর রাখতে অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১:৫১ অপরাহ্ণ