চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গভীর রাতে সংঘটিত এক ডাকাতির ঘটনায় রিগান আক্তার মিম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের গৃহবধূ কাজী সুমাইয়া আক্তার (২৪)।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাত্তলা গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, মুখোশধারী দুই ডাকাত ঘরে ঢুকে সুমাইয়া আক্তার ও তার শিশুকে ছুরির মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে। এ সময় তারা সুমাইয়ার হাত বেঁধে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে পাশের কক্ষে গিয়ে রিগান আক্তার মিমের ওপর হামলা চালায়। প্রতিবেশীরা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অচেতন দেখতে পান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ এন্ড অবস্) লুৎফর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আব্দুল হাই চৌধুরী এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আলামত সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করার স্বার্থে আর কিছু বলা যাচ্ছে না।”