চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কৃষকদের ডিজিটাল তথ্যভান্ডার তৈরির লক্ষ্যে ‘কৃষক স্মার্ট কার্ড’-এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক দর্জি, চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর এবং টামটা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল্লাহ মিয়াজ। অনুষ্ঠানে ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল হাসান এবং সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা ইউনুস পাটোয়ারী।
এ সময় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মকবুল হোসেন, মোহাম্মদ আল আমিনসহ উপজেলার অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থার অংশ হিসেবে কৃষকদের জন্য ‘কৃষক স্মার্ট কার্ড’ প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর ব্লকের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রাথমিক পর্যায়ে ডিজিটাল তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, আগামী ১৬ জুলাই থেকে ২ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন।
এ সময় কৃষকদের নিজ বাড়িতে উপস্থিত থাকা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), এনআইডির সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর এবং একজন নমিনিকে তার জাতীয় পরিচয়পত্রসহ উপস্থিত রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কৃষি সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ