চাঁদপুর জেলার জনপ্রিয় ও শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক চাঁদপুর প্রবাহ-এর গৌরবময় ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে দীর্ঘদিন মাঠপর্যায়ে নিষ্ঠার সাথে কাজ করায় সাংবাদিক আহসান হাবিব পাটওয়ারী-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

তিনি দৈনিক চাঁদপুর প্রবাহের শাহরাস্তি উপজেলায় নিজস্ব প্রতিনিধি হিসেবে দীর্ঘ দিন থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি স্যাটেলাইট গ্রীণ টেলিভিশন ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন। এছাড়াও তিনি শাহরাস্তি প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত রজতজয়ন্তীর অনুষ্ঠানে পত্রিকাটিতে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে নিরলসভাবে সংবাদ সংগ্রহ ও পরিবেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

দৈনিক চাঁদপুর প্রবাহের (ভারপ্রাপ্ত) সম্পাদক রহিম বাদশা-র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সহেল রুশদী, চাঁদপুর পৌরসভা বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।